ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই নিজের দখলে নিয়েছে বৃষ্টি। আজ শুক্রবার ম্যাচের তৃতীয় দিন। তবে আজও খেলা হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ক্রিকেট ভক্তদের আশা জাগাচ্ছে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। বলা হয়েছে, এদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকতে পারে। যদি এমনটিই হয়, তাহলে সময় মতো খেলা শুরু না হলেও দেরিতে মাঠে গড়াতে পারে খেলা।
সর্বশেষ ৯টা ১৫ মিনিটে পাওয়া তথ্য অনুসারে, পিচ থেকে কভার সরিয়ে নেওয়া হচ্ছে। মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিনই বৃষ্টি হয়েছে। বুধবার রাত থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি শুরু হয়েছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা ভাসিয়ে দিয়েছে মিগজাউম।
বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছে। স্পিনারদের দাপটে দুই দলেরই মোট ১৫টি উইকেট পড়েছে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় ব্যাট করতে নামার কথা ছিল নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের।
কিন্তু রাত থেকে তুমুল বৃষ্টি হওয়ায় এমনিতেই মাঠ ছিল ভেজা। আবার সকাল থেকে টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টি, আবহাওয়া খেলার প্রতিকূলে নিয়ে গেছে। যার ফলে সোয়া ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।