ঢাকা টেস্ট

অবশেষে তৃতীয় দিনের খেলা শুরু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম

অবশেষে বৃষ্টির বাঁধা অতিক্রম করে শুরু হলো ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা। শুক্রবার দুপুর ১২টায় মাঠে গড়ালো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ।

এর আগে বেলা ১১টায় সার্বিক পরিস্থিতি পরিদর্শনের জন্য মাঠে প্রবেশ করেছেন আম্পায়ার পল র‌্যাফেল ও রড টাকার। ১০ থেকে ১২ মিনিট ধরে পুরো মাঠ ঘুরে দেখলেন তারা।

এদিকে সকাল ৯টার আগেই ধীরে ধীরে কভার সরিয়ে মাঠ তৈরির কাজ শুরু করেছিলেন প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার মাঠকর্মীরা।

পর্যায়ক্রমে প্রথমে প্লাস্টিকের মোটা কভার সরিয়ে চট বিছিয়ে রাখা হয়েছিল প্রায় ঘণ্টা খানেক। এরপর বেলা ১১টায় আম্পায়াররা পিচ ও মাঠ পরিদর্শনের আগেই সেই চট সরিয়ে উইকেট উন্মুক্ত করা হয়।

সিলেটে দারুণ জয়ের পর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে কিউইরাও। ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অস্বস্তিতে রয়েছে সফরকারীরা।

আরও পড়ুন