শাপুর জাদরানের অকাল বিদায়, শোকাহত আফগান ক্রিকেট

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৬:২৭ পিএম

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। বিরল রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ)-এ আক্রান্ত হয়ে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই ঘামাই জাদরান। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছিল।

আফগান ক্রিকেটের উত্থানের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন শাপুর জাদরান। ২০০৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর তিনি আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার শিকার ৮০ উইকেট।

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ছিল জাদরানের ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ওই আসরে তিনি নিয়েছিলেন ১০ উইকেট, যা ওই বিশ্বকাপে আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে তিনি আফগানিস্তানের হয়ে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেন।

বাংলাদেশের বিপক্ষেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন শাপুর জাদরান। ঘরোয়া ক্রিকেটে তিনি অংশ নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও।

শাপুর জাদরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানায়, মাঠের সাফল্যের বাইরেও জাদরান ছিলেন বহু তরুণ আফগান ক্রিকেটার ও বিশ্বজুড়ে ভক্তদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তার লড়াই, দৃঢ়তা ও ক্রিকেটের প্রতি ভালোবাসা একটি প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেছে।

Attr/AHA
আরও পড়ুন