বিসিবি নির্বাচন নিয়ে চক্রান্তের অভিযোগ ক্লাব সংগঠকদের

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে বলে দাবি করেছেন ঢাকার ক্লাব সংগঠকেরা। তাদের অভিযোগ, নির্বাচন বানচালের পাঁয়তারা চলছে এবং সংগঠকদের মর্যাদা নষ্ট করারও চেষ্টা হয়েছে।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন এই অভিযোগ তোলে। সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

বোরহানুল বলেন, ‘বিসিবিতে নব্য ফ্যাসিস্টরা সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনের পথে ষড়যন্ত্র চলছে, আমাদের অসম্মানিত করা হচ্ছে।’

সভাপতি রফিকুলও শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমরা জানতে পেরেছি, অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে বোর্ড চালানোর চেষ্টা হচ্ছে। অথচ গঠনতন্ত্রে অ্যাডহক বোর্ডের কোনো জায়গা নেই। পরিস্থিতিও সে রকম নয়। আমরা নির্ধারিত সময়ে নির্বাচন চাই।’

তবে ষড়যন্ত্রকারীদের নাম জানাতে গিয়ে তারা নির্দিষ্ট কোনো উত্তর দেননি। কখনো বলেন, ‘শুনেছি’, আবার কখনো বলেন, ‘কারা করছে জানা নেই’।

সংগঠকদের অসম্মান প্রসঙ্গে রফিকুল আরও বলেন, ‘একজন সংগঠকের ব্যক্তিগত বিষয় সামনে এনে তাঁকে হেয় করা হয়েছে। তাঁর ক্রিকেট সংগঠক পরিচয়ের সঙ্গে ব্যক্তিগত বিষয়কে মেলানো ঠিক নয়। যারা এমন করছে, তারা ক্রিকেটের ভালো চায় না।’

এখানে ইঙ্গিত ছিল বিসিবি পরিচালক মাহবুবুল আনামকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের দিকে। ব্যক্তিগত কিছু তথ্য প্রকাশিত হওয়ার পর তিনি ঘোষণা দিয়েছেন, আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক বোরহানুল মন্তব্য করেন, ’এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ক্রিকেট সংগঠক হিসেবে মাহবুবুল আনামের তুলনা নেই।’

ঢাকা ক্লাব সংগঠকেরা জোর দিয়ে বলেন, বিসিবির নির্বাচন অবশ্যই বর্তমান গঠনতন্ত্র মেনে অনুষ্ঠিত হতে হবে। পরিবর্তন আনার দরকার হলে পরে বিশেষ সভার মাধ্যমে তা করা যাবে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি প্রসঙ্গে রফিকুল বলেন, ‘সেখানে অনেক যোগ্য মানুষ বাদ গেছেন। তবে কাউন্সিলর আসতেই হবে অ্যাডহক কমিটি থেকে-এমন শর্ত নেই। আমরা আশা করি, যোগ্যরাই কাউন্সিলর হবেন।’

আরও পড়ুন