প্রথমবারের মতো নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন সামনে আরও বড় সুযোগ-হোয়াইটওয়াশের। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
প্রথম ম্যাচে পেসার তাসকিন আহমেদের তোপে ১৩৭ রানে আটকে যায় নেদারল্যান্ডস। লিটন দাসের অপরাজিত হাফসেঞ্চুরিতে সহজ জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগও কাজে লাগাতে পারেনি ডাচরা। স্পিনার নাসুম আহমেদের নিখুঁত বোলিংয়ে ১০৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। এরপর তরুণ ওপেনার তানজিদ হাসানের ঝকঝকে ফিফটিতে আরেকটি একপেশে জয় নিশ্চিত করে টাইগাররা।
এশিয়া কাপের আগে এই সাফল্যকে বড় প্রেরণা হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস, ‘প্রত্যেক সিরিজ জেতার লক্ষ্য থাকে। তবে সবসময় সম্ভব হয় না। এবার দলের ক্রিকেটাররা বিশেষ করে বোলাররা পরিকল্পনা মতো পারফর্ম করেছে। এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
তবে সিলেটে শেষ ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন লিটন। কারণ, এশিয়া কাপের আগে যত বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়া যায়, ততই দলের গভীরতা বাড়বে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হলেও শেষ ম্যাচে অন্তত জয়ের মাধ্যমে সফর শেষ করতে মরিয়া নেদারল্যান্ডস।
এই লড়াই শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

