বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবরের ফুটবলবিরোধী বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্রীড়া অঙ্গন পর্যন্ত এখন সরব প্রতিক্রিয়া। ফুটবলকে ‘অভিজাত নয়’ উল্লেখ করে এবং ফুটবলারদের আচরণ নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাবেক ফুটবলাররা।
ঘটনার সূত্রপাত হয় গতকাল, দেশের ৬৪ জেলার ক্রীড়া সংগঠক, কোচ ও কর্মকর্তাদের নিয়ে বিসিবির আয়োজিত এক কনফারেন্সে। সেখানে বিসিবি পরিচালক আসিফ আকবর অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্টেডিয়ামে ফুটবলের দখলের কারণে ক্রিকেট খেলা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘ফুটবলারদের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না। তারা উইকেট নষ্ট করে ফেলেছে, মাঠ দখল করে রেখেছে। তাদের ব্যবহার ভালো নয়। ক্রিকেট হলো আভিজাত্যের খেলা, নিয়ম-কানুন ও রেকর্ডের খেলা।’
তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই মন্তব্য করেন, এমন বক্তব্য দুই জনপ্রিয় খেলার মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন সৃষ্টি করবে।
আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর চিঠি পাঠিয়ে আসিফ আকবরের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘ক্রিকেট কনফারেন্সে ফুটবল নিয়ে যে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, তা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্য হতাশাজনক। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই মন্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা চাই।’
চিঠিতে আরও বলা হয়, ‘ক্রিকেট কনফারেন্সে ‘অভিজাত’ শব্দের ব্যবহার ক্রীড়ার মূল চেতনার পরিপন্থী। খেলাধুলা কোনো শ্রেণি, পেশা বা মর্যাদার ভিত্তিতে বিভক্ত নয়। আমরা সবাই ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার মধ্য দিয়েই ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে চাই।’
বাফুফের পাশাপাশি বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিও আসিফের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সমিতির সভাপতি ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন বলেন, ‘একজন বিসিবি পরিচালক হিসেবে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন। ক্রিকেট বোর্ডের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া।’
পাশে দাঁড়ানো জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘যিনি নিজেকে ভদ্রলোকের খেলার প্রতিনিধি দাবি করেন, তার কাছ থেকে এমন অশোভন মন্তব্য আশা করা যায় না। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’
বিতর্কের মধ্যে আলোচনায় এসেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অতীতও। তিনি নিজেও একসময় ফুটবলার ছিলেন, পুরান ঢাকার গেন্ডারিয়া থেকে উঠে এসে ভিক্টোরিয়া ক্লাবে স্ট্রাইকার হিসেবে খেলেছেন। তার নীরব অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক ফুটবলাররা। মামুনুল বলেন, ‘বুলবুল ভাই নিজে ফুটবল থেকে উঠে এসেছেন। কিন্তু আসিফ যখন ফুটবলারদের নিয়ে কটূক্তি করছিলেন, তিনি সেটা থামাননি-এটা কষ্টের।’
সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘আসিফ আকবরের মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বরং ফুটবল নামের সবচেয়ে জনপ্রিয় খেলাটির মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। বিসিবি সভাপতির অতীত জীবনের কথা মাথায় রেখে এমন মন্তব্য আরও হতাশাজনক।’

