জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির কমিটিতে যুক্ত হলেন দুই সদস্য

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠন করেছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। শুরুতে তিন সদস্যের কমিটি থাকলেও ১২ নভেম্বর এতে যুক্ত করা হয়েছে আরও দুইজন নতুন সদস্যকে।

নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও বাংলাদেশ ল কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান। এর ফলে এখন তদন্ত কমিটিতে রয়েছেন মোট পাঁচজন সদস্য।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা, ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা, অধ্যাপক নাইমা হক এবং ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

বিসিবি গত ৮ নভেম্বর প্রথমে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। নারী ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ওঠে আসা একাধিক অভিযোগের পর এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় বোর্ড।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম অভিযোগ করেন, দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে একাধিকবার ‘বাজে প্রস্তাব’ দিয়েছিলেন এবং পেশাগত সম্পর্কের বাইরে গিয়ে আচরণ করেছিলেন। সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা।

জাহানারা দাবি করেন, তিনি বারবার বিসিবিকে বিষয়টি জানালেও কোনো প্রতিকার পাননি। তার অভিযোগ প্রকাশ্যে আসার পর নারী দলের আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও মুখ খুলতে শুরু করেন, যা বড় আলোচনার জন্ম দিয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে।

বিসিবি জানায়, অভিযোগগুলো আপাতত তদন্তাধীন, এবং তদন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কেউ দোষী বা নির্দোষ- সে বিষয়ে মন্তব্য করা হবে না।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সুপারিশ দেবে।

আরও পড়ুন