যুদ্ধবিধ্বস্ত গাজার ক্রীড়া অবকাঠামো পুনর্গঠনে বড় ঘোষণা দিয়েছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে গাজায় একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউড অব পিস এ নবগঠিত ‘বোর্ড অব পিস’ এর প্রথম বৈঠকে এ পরিকল্পনার কথা তুলে ধরেন ইনফান্তিনো। গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করতেই বোর্ডটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।
ফিফার প্রস্তাবিত স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার দর্শক। একই প্রকল্পের আওতায় একটি ফিফা একাডেমি প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে, যেখানে তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়নে কাজ করা হবে।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, পরিকল্পনায় ৫০টি ছোট ফুটবল মাঠ এবং পাঁচটি পূর্ণাঙ্গ মাঠ নির্মাণেও অর্থায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ইনফান্তিনো বলেন, ‘পুনর্গঠন মানে শুধু ঘরবাড়ি, স্কুল বা হাসপাতাল নয় মানুষের আশা, আবেগ ও বিশ্বাসও ফিরিয়ে আনা। ফুটবল সেই ইতিবাচক শক্তির উৎস হতে পারে।’
বৈঠকে ডোনাল্ড ট্রাম্প গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন। এছাড়া আরও কয়েকটি দেশ সম্মিলিতভাবে অতিরিক্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং কিছু দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশনে সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, গাজায় স্বতন্ত্র কোনো জাতীয় ফুটবল দল না থাকলেও ১৯৯৮ সাল থেকে ফিফা গাজা ও পশ্চিম তীরের প্রতিনিধিত্বকারী একীভূত ফিলিস্তিনি দলকে স্বীকৃতি দিয়ে আসছে। ফিফার এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
ট্রাম্পের আল্টিমেটামের পর পাল্টা হুমকি তেহরানের
১০ দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের
