তিন দেশে তিন উদ্বোধন, কখন-কোথায়-কী আয়োজন

আপডেট : ১১ জুন ২০২৬, ০২:০১ পিএম

ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবলের সবচেয়ে বড় আসর। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ শুধু পরিসরেই নয়, আয়োজনেও নিয়ে আসছে একাধিক নতুনত্ব। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো প্রথমবারের মতো তিনটি পৃথক দেশে এবং তিনটি ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এ ম্যাচে নতুন এক প্রথাও দেখা যাবে জাতীয় সঙ্গীতের সময় স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ই মাঠে উপস্থিত থাকবেন এবং দুই দলের ফুটবলাররা বৃত্তাকারে মুখোমুখি অবস্থান নেবেন।

উদ্বোধনী আয়োজন ঘিরে থাকছে সংগীতেরও বিশেষ আয়োজন। ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’ দিয়ে বিশ্বকাপের মঞ্চ মাতানো শাকিরা এবারও ফিরছেন নতুন থিম সং নিয়ে। নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ের সঙ্গে গাওয়া ‘দাই দাই (চলো এগিয়ে যাই)’ গানটি ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল থিম সং হিসেবে নির্বাচিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেও এই গান পরিবেশন করবেন তারা।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রযোজনার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মার্কো বালিচ, যিনি একাধিক অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন। আয়োজনে মেক্সিকোর ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরা হবে। অংশ নেবেন দেশটির জনপ্রিয় ব্যান্ড মানাসহ আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশিন, জে বালভিন, লিলা ডাউন্স এবং লস অ্যাঞ্জেলেস আজুলস ব্যান্ড।

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুন টরোন্টোতে, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেত্তে, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স, বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়সহ আরও কয়েকজন আন্তর্জাতিক শিল্পী। অনুষ্ঠানে বিশ্বকাপ ট্রফির মোজাইক-প্রেরণায় বিশেষ শিল্পনির্মাণের পাশাপাশি কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে ১৩ জুন লস অ্যাঞ্জেলসে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচের আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকবেন মার্কিন পপ তারকা ক্যাটি পেরি। এছাড়া মঞ্চে দেখা যাবে র‍্যাপ তারকা ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, লিসা, রেমা ও টাইলারকে।

তিন দেশ, তিন শহর এবং তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপ বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

AM/SN
আরও পড়ুন