যেবার ব্রাজিল দিয়েছিলো 'সেভেনআপ'

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

বিশ্বকাপের মঞ্চে আবারও একে অপরের মুখোমুখি ব্রাজিল ও হাইতি। তবে এই লড়াইয়ের আগে ফুটবলপ্রেমীদের মনে ভেসে উঠছে এক দশক আগের সেই স্মরণীয় ম্যাচ, যেখানে ফিলিপে কুতিনিয়োর হ্যাটট্রিকে হাইতিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা। অর্থাৎ ব্রাজিল শুধু 'সেভেনআপ' হজমই করেনি, প্রতিপক্ষকেও হজম করাতে বাধ্য হয়েছিলো।

২০১৬ সালের কোপা আমেরিকার সেই ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য শুধুই একটি জয় নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক বিশেষ উপলক্ষ। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের বিধ্বংসী পরাজয়ের ক্ষত তখনও টাটকা। ঠিক দুই বছর পর একই ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ব্রাজিল।

অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৪ মিনিটে দূরপাল্লার শটে গোলের সূচনা করেন কুতিনিয়ো। পরে আরও দুটি গোল যোগ করে পূর্ণ করেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় হ্যাটট্রিক।

সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন রেনাতো অগুস্তো। এছাড়া গ্যাব্রিয়েল ও লুকাস লিমাও গোলের দেখা পেয়েছিলেন। হাইতির হয়ে সান্ত্বনার একমাত্র গোলটি করেছিলেন জেমস মার্সেলিন।

সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। সেই দলের অধিকাংশ ফুটবলার এখন আর ব্রাজিলের জার্সিতে নেই। কুতিনিয়োও জাতীয় দলের নিয়মিত সদস্য নন। একসময় যার মধ্যে ভবিষ্যৎ তারকার আভাস দেখা গিয়েছিল, শেষ পর্যন্ত প্রত্যাশার উচ্চতায় পৌঁছাতে পারেননি তিনি। তবুও হাইতির বিপক্ষে সেই ৭-১ জয় ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসে একটি বিশেষ স্মৃতি হয়ে রয়ে গেছে।

দশ বছর পর আবার যখন বিশ্বকাপের গ্রুপ পর্বে দেখা হচ্ছে দুই দলের, তখন বাস্তবতা ভিন্ন। গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে চাপে রয়েছে হাইতি।

AS
আরও পড়ুন