টাইব্রেকারের নিয়ম বদলাচ্ছে ফিফা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে টাইব্রেকার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট চলাকালেই নতুন নিয়ম কার্যকর করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকার শুরুর আগে দুটি আলাদা কয়েন টস অনুষ্ঠিত হয়। প্রথম টসে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে। দ্বিতীয় টসে ঠিক করা হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হবে।

তবে ফিফার নতুন প্রস্তাবে দুটি টসের পরিবর্তে থাকবে মাত্র একটি টস। সেই টসে জয়ী দল দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবে। তারা চাইলে প্রথমে শট নেওয়ার অধিকার নিতে পারবে, অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ বেছে নিতে পারবে। অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে পাবে টসে হেরে যাওয়া দল।

ফিফার মতে, বর্তমান ব্যবস্থায় কোনো দল দুই টসেই হারতে পারে। সেক্ষেত্রে তারা আগে শট নেওয়ার সুযোগ হারায়, পাশাপাশি নিজেদের সমর্থকদের সামনে টাইব্রেকার নেওয়ার সুবিধাও পায় না। এতে প্রতিযোগিতার ভারসাম্য কিছুটা নষ্ট হতে পারে।

সম্প্রতি ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে এমন একটি পরিস্থিতির উদাহরণ দেখা যায়। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের বিপক্ষে ইংলিশ জায়ান্ট আর্সেনাল দুই টসেই হেরে যায়। পরে টাইব্রেকারেও পরাজিত হয় তারা।

ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেডের তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সঙ্গে আলোচনা করেছে ফিফা।

ফিফা মনে করছে, টাইব্রেকারে দুটি গুরুত্বপূর্ণ সুবিধা এক দলের হাতে চলে গেলে প্রতিপক্ষ তুলনামূলকভাবে অসুবিধায় পড়ে। তাই এক টসে জয়ী দলকে শুধু একটি সুবিধা বেছে নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব সামনে এসেছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আর সিদ্ধান্ত অনুমোদিত হলে, বিশ্বকাপের নকআউট পর্বেই নতুন নিয়মের দেখা মিলতে পারে।

AS
আরও পড়ুন