স্পেনের কাজ শেষ, অপেক্ষা আর্জেন্টিনার

বিশ্বকাপেই হবে ফাইনালিসিমা?

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১১:১১ এএম

বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে নিজের দায়িত্বটা আগেই সেরে ফেলেছে স্পেন। এখন ফুটবল বিশ্বের সব চোখ আটলান্টার সেমিফাইনালে। ইংল্যান্ডকে হারাতে পারলেই আর্জেন্টিনা পৌঁছে যাবে ফাইনালে, আর তাতেই বিশ্বকাপের মঞ্চে দেখা মিলবে বহুল প্রতীক্ষিত স্পেন-আর্জেন্টিনা মহারণের। অনেকের কাছেই সেটিই হবে ‘হারিয়ে যাওয়া ফাইনালিসিমার’ নতুন সংস্করণ।

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট হয়েছে স্পেন। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। কারণ এই ম্যাচের ফলই ঠিক করে দেবে, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের স্বপ্নের লড়াই দেখতে পারবেন কি না ফুটবলপ্রেমীরা।

আসলে এই দ্বৈরথ হওয়ার কথা ছিল আরও আগেই। চলতি বছরের মার্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে ফাইনালিসিমা আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু নানা জটিলতায় সেই ম্যাচ আর মাঠে গড়ায়নি। ফলে দুই মহাদেশের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার অপেক্ষা দীর্ঘই থেকে যায়।

প্রাথমিকভাবে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল কাতারের দোহায়। কিন্তু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়। পরে বিকল্প ভেন্যু হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হলেও তাতে সম্মতি দেয়নি আর্জেন্টিনা। তাদের যুক্তি ছিল, প্রতিপক্ষের দেশে এমন শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় বাতিল হয়ে যায় বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ।

তবে ভাগ্য যেন আবারও একই গল্প লেখার সুযোগ এনে দিয়েছে। আলাদা টুর্নামেন্টে না হলেও, বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখন একেবারেই বাস্তব। তবে সেই স্বপ্ন পূরণে আর্জেন্টিনাকে আগে উতরে যেতে হবে ইংল্যান্ডের কঠিন পরীক্ষায়।

একদিকে টানা সাফল্যে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন, অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা। দুই মহাদেশের বর্তমান সেরা দুই দলের সম্ভাব্য এই লড়াইকে ইতোমধ্যেই অনেকেই আখ্যা দিচ্ছেন ‘স্বপ্নের বিশ্বকাপ ফাইনাল’ হিসেবে।

এখন সব অপেক্ষা আর্জেন্টিনার। স্পেন তার কাজ শেষ করেছে। এবার দেখার পালা, ইংল্যান্ডের বাধা পেরিয়ে লিওনেল মেসির দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ফুটবল বিশ্বকে উপহার দিতে পারে কি না বহু প্রতীক্ষিত সেই স্পেন-আর্জেন্টিনা মহারণ।

সূত্র: মার্কা

AM/YA
আরও পড়ুন