বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যখন ফুটবল বিশ্বের গণ্ডি পেরিয়ে ক্রীড়াঙ্গনের সর্বত্র ছড়িয়ে পড়েছে, তখন নিজের অবস্থান স্পষ্ট করলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার মহারণের আগে জন্মভূমি স্পেনের পক্ষেই সমর্থন জানিয়েছেন ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। তবে একই সঙ্গে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের কোচ লিওনেল স্কালোনি এবং দেশটির ফুটবল ঐতিহ্যের প্রতিও গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে স্প্যানিশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় নাদাল বলেন, তার বিশ্বাস স্পেনই শিরোপা জিতবে।
তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমরা জিতব।’
২০২৪ সালে পেশাদার টেনিসকে বিদায় জানানো নাদাল স্মরণ করেন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্ত। তিনি জানান, সেই ফাইনালের সময় তিনি দক্ষিণ আফ্রিকায় উপস্থিত ছিলেন এবং সেই অভিজ্ঞতা আজও তার স্মৃতিতে অমলিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় নাদাল লেখেন, ছোটবেলা থেকেই ফুটবল তার সবচেয়ে প্রিয় খেলাগুলোর একটি। খেলতে, ম্যাচ দেখতে এবং জাতীয় দলকে সমর্থন করতে তিনি সবসময়ই ভালোবাসেন। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও তাকে আবেগাপ্লুত করে এবং আবারও এমন একটি ঐতিহাসিক ফাইনাল উপভোগ করার সুযোগ পাওয়ায় তিনি উচ্ছ্বসিত। একই সঙ্গে প্রতিপক্ষ আর্জেন্টিনার প্রতিও শুভকামনা জানান তিনি।
ফুটবলের সঙ্গে নাদালের পারিবারিক সম্পর্কও দীর্ঘদিনের। তার চাচা মিগেল অ্যাঞ্জেল নাদাল স্পেন জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন এবং বার্সেলোনা ও মায়োর্কার জার্সিতেও সাফল্য অর্জন করেছেন। সেই সূত্রেই জাতীয় দলের প্রতি তার আবেগ আরও গভীর।
স্প্যানিশ রেডিও এল পার্তিদাসো দে কোপেকে দেওয়া সাক্ষাৎকারে নাদাল বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে বসেই তিনি বিশ্বকাপের ফাইনাল উপভোগ করবেন।
আর্জেন্টিনার শক্তির মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, দলটি নিজেদের সামর্থ্য খুব দক্ষতার সঙ্গে কাজে লাগাতে জানে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল হজমের পর যেভাবে তারা ম্যাচে ফিরে এসেছে, তা তাদের মানসিক দৃঢ়তা এবং আক্রমণভাগের সামর্থ্যেরই প্রমাণ।
তবে প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই বলেও মনে করেন নাদাল। তার মতে, পুরো টুর্নামেন্টজুড়ে স্পেন যেভাবে নিজেদের ফুটবল খেলেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।
তিনি বলেন, ‘আমাদেরও যথেষ্ট শক্তি আছে। অন্যরা কী করছে, সেটা না ভেবে পুরো বিশ্বকাপজুড়ে যেভাবে খেলেছি, সেই মান ধরে রাখতে হবে। সেটা পারলে আমাদের হারানো খুব কঠিন হবে।’
নাদালের মতে, প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত স্পেন ধারাবাহিকভাবে নিজেদের পারফরম্যান্সের উন্নতি করেছে এবং ঠিক সেরা সময়েই তারা শিরোপা নির্ধারণী ম্যাচে পৌঁছেছে।
স্পেনের সমর্থক হলেও আর্জেন্টিনা এবং কোচ লিওনেল স্কালোনির প্রশংসা করতেও কার্পণ্য করেননি তিনি। নাদাল জানান, স্কালোনির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো এবং জাতীয় দলের দায়িত্ব নিয়ে তিনি যা অর্জন করেছেন, তা সত্যিই অসাধারণ।
এমনকি ফাইনালে স্পেন পরাজিত হলেও সেই হার তিনি সবচেয়ে সহজভাবে মেনে নিতে পারবেন আর্জেন্টিনার বিপক্ষেই। কারণ দেশটিতে তার অনেক বন্ধু ও পরিচিত মানুষ রয়েছেন।
নাদাল বলেন, ‘অবশ্যই আমি সর্বশক্তি দিয়ে স্পেনকে সমর্থন করব। কিন্তু যদি হারতেই হয়, তাহলে আর্জেন্টিনার কাছে হারাটা মেনে নেওয়া সহজ হবে। কারণ সেখানে আমার অনেক বন্ধু ও পরিচিত মানুষ আছেন। যদি কারও কাছে হারতে চাই, তবে সেটা হবে আর্জেন্টিনা ও তাদের কোচের কাছে।’
জুলাই মানেই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার
বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয় ফিফার
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সমর্থনে নেতানিয়াহু