রিয়াল ছাড়ছেন কার্লো আনচেলত্তি!

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০২:৪৫ এএম

দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর জোড়াতালি দেওয়া এক দল নিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন কার্লো আনচেলত্তি। ৩ মৌসুমে দলটিকে মোট ১১টি শিরোপা জেতান ইতালিয়ান এই কোচ। তবে সেই রূপকথার গল্প এবার শেষ হতে চলেছে। ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য স্প্যানিস কোপা দেল রে ফাইনালের পর আনচেলত্তিকে ছেড়ে দিতে পারে রিয়াল।

চলতি মৌসুমে রিয়ালের সময়টা একদমই ভালো কাটছে না। লা-লিগায় ৩১ ম্যাচ পর বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে আনচেলত্তির দল। প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সাকে যে ছাড়িয়ে যাবে লস ব্ল্যাঙ্কোসরা, তেমন সম্ভাবনাও খুব একটা নেই। তবে সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে চ্যাম্পিয়ন্স লিগে।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপাজয়ী দল এবার বাদ পড়েছে কোয়ার্টার ফাইনালে। তবে সমর্থকদের আক্ষেপ বাদ পড়ায় নয়, বাদ পড়ার ধরনে। আর্সেনালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হেরেছে ১৫ বারের শিরোপাজয়ীরা।

প্রথম লেগে আর্সেনালের মাঠে ৩-০ গোলে হারের পরেও আশায় বুক বেধেছিলেন রিয়াল সমর্থকরা। কারণ সান্তিয়াগো বার্নাব্যুর দ্বিতীয় লেগে এমন অনেক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে রিয়াল। তবে প্রত্যাবর্তন তো দুরের কথা, ঘরের মাঠেও সান্তিয়াগো আর্সেনালের কাছে হেরেছে রিয়াল।

এই হারের পর এবার আনচেলত্তিকে সরানোর পরিকল্পনা করছে রিয়াল। ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসের প্রতিবেদন মতে, চলতি মাসের ২৬ তারিখ অনুষ্ঠিতব্য রিয়াল এবং বার্সার মধ্যকার কোপা দেল রে ফাইনালের পর আনচেলত্তিকে বিদায় বলবে লস ব্ল্যাঙ্কোসরা।  

আর্সেনালের বিপক্ষে রিয়ালের হারের পর আনচেলত্তির সংবাদ সম্মেলনেও মিলেছে এমন বার্তাই। রিয়াল বস সেদিন বলেন, সম্ভবত ক্লাব আমাকে সরানোর সিদ্ধান্ত নেবে। এটা এই বছরও হতে পারে, আবার সামনের বছর আমার চুক্তি শেষ হওয়ার পরেও হতে পারে।

‘তবে যখনই আমার এখানে কাজ শেষ হবে। আমি অনেক কৃতজ্ঞ থাকব। এটা কাল হতে পারে, দশ দিন বা এক মাস পর হতে পারে অথবা এক বছর। এখান থেকে আমাকে সরানো হচ্ছে নাকি হচ্ছে না, সেটা নিয়ে আমি চিন্তা করছি না,’ তিনি যোগ করেন।

রিয়ালের ভবিষ্যৎ কোচ কে হতে পারেন, এই বিষয়ে কথা বলেছেন ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ক্যালডারন। স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘অনেকের নাম আছে আলোচনায়। জাবি আলনসোর মতো কাউকে আনা যেতে পারে যে রিয়াল মাদ্রিদে খেলেছে এবং ইয়ুর্গেন ক্লপও আছে। এছাড়া আরও অনেকেই আছেন যারা পরবর্তী কয়েক দিন এবং মাসে রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করবে।’

তিনি আরও বলেন, ‘ওরা আলনসোর কথা বলছে। কিন্তু সে এখনও লেভারকুসেনের সঙ্গে আছে। আমি জানি সে চুক্তি নবায়ন করেছে। তাই তাকে পাওয়া সহজ হবে না।’

রিয়াল থেকে বিদায়ের পর আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে পারেন বলে প্রতিবেদনে জানিয়েছে স্কাই স্পোর্টস। পত্রিকাটির এক সূত্র বলছে, ব্রাজিলের এক ব্যবসায়ীকে দিয়ে আনচেলত্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। 

MMS
আরও পড়ুন