সিঙ্গাপুরকে উড়িয়ে দিলো বাংলাদেশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

প্রথম দুই ম্যাচ হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে লড়াইয়ের মানসিকতা দেখাল তরুণরা। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়ে অন্তত শেষটা উজ্জ্বল করেছে মোরসালিনরা।

প্রথমার্ধে গোলের সুযোগ হাতছাড়া করলেও বিরতির পর দারুণ ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭০ মিনিটে বদলি খেলোয়াড় ফাহামিদুল ইসলামের দূরপাল্লার শটে জালের দেখা পায় দল। দুই মিনিট পর আল আমিনের কোনাকুনি শটে ব্যবধান দাঁড়ায় ২-০।

এরপর মহসিন আহমেদের গোলে ৮০ মিনিটে বাংলাদেশ মজবুত করে জয়ের ভিত। অধিনায়ক মোরসালিন একক নৈপুণ্যে ৮৩ মিনিটে চতুর্থ গোল করে মাঠ মাতান। যোগ করা সময়ে একটি গোল শোধ দিতে পারে সিঙ্গাপুর।

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ শেষ করল ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হয়ে। ছয় বছর পর অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে জয় পেল দলটি-সর্বশেষ ২০১৯ সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল তারা।

গোল করে ম্যাচসেরা হলেও সন্তুষ্ট নন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। ম্যাচ শেষে বলেন, ‘জেতা ভালো লাগছে, কিন্তু খুশি নই। কারণ আমাদের লক্ষ্য ছিল কোয়ালিফাই করা। আমরা ৪০ দিন ধরে কঠোর পরিশ্রম করেছি। দুর্ভাগ্যবশত পারিনি। তবে খেলার অংশ হিসেবেই এটা নিতে হবে, ইনশাআল্লাহ পরেরবার আমরা পারব।’

আরও পড়ুন