হামজার জোড়া গোলেও জয়হীন বাংলাদেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় প্রায় নিশ্চিত করেই শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করল বাংলাদেশ। ম্যাচের স্কোরলাইন ২-২ হলেও, ফলাফলটা লাল-সবুজ শিবিরের জন্য হতাশার। জয় প্রায় হাতের মুঠোয় এসে হারিয়ে গেল যোগ করা সময়ের শেষ মিনিটে।

দীর্ঘ পাঁচ বছর পর, ২০২০ সালের ১৩ নভেম্বরের পর-নেপালের বিপক্ষে জয়ের অপেক্ষায় ছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে আবারও ১৩ নভেম্বর, আবারও নেপালের বিপক্ষেই মাঠে নামে জামাল ভূঁইয়ার দল। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হয়নি; বরং শেষ মুহূর্তের গোলে আবারও জয়বঞ্চিত হলো বাংলাদেশ।

ম্যাচের শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের জন্য। প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী নেপাল। গোলের পর বাংলাদেশ একাধিক সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র।

বিরতির পরপরই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ডিফেন্সিভ মিডফিল্ডার সোহেল রানার পরিবর্তে সামিত সোমকে মাঠে নামান। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই বাংলাদেশের সমতায় ফেরার সুযোগ আসে। বাম দিক থেকে ফাহিমের ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন নেপালের এক ডিফেন্ডার। বলটি জামাল ভূঁইয়ার পায়ে এসে পড়ে। জামাল চিপ করে বলটি পাঠান হামজার দিকে, আর হামজা অসাধারণ এক বাইসাইকেল কিকে জালে জড়ান বলটি। জাতীয় স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে-বাংলাদেশের ফুটবলে এমন চোখধাঁধানো গোল সচরাচর দেখা যায় না।

এর পরের তিন মিনিটেই বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ফরোয়ার্ড রাকিবকে বক্সের মধ্যে ফাউল করলে রেফারি কাওসুন লাকমাল পেনাল্টির নির্দেশ দেন। নেপালী খেলোয়াড়দের আপত্তি সত্ত্বেও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। স্পটকিক থেকে হামজা চৌধুরী সহজেই গোল করে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন।

তবে সুখের সময় বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার থেকে গোল হজম করে জয় হাতছাড়া করে বাংলাদেশ। শেষ বাঁশি বাজতেই স্কোরলাইন দাঁড়ায় ২-২।

এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হলো বাংলাদেশের প্রস্তুতি পর্ব। সামনে আরও বড় চ্যালেঞ্জ, ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। 

আরও পড়ুন