ফ্রেঞ্চ ওপেনের দর্শকদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা হয়েছে। গ্যালারিতে বসে তারা আর অ্যালকোহল পানের সুযোগ পাবেন না। ফ্রেঞ্চ ওপেনের পরিচালক অ্যামেরিয়া মাউরেসমো এ তথ্য জানিয়েছেন।
বেলজিয়ামের খেলোয়াড় ডেভিড গোফিনের এক ঘটনার পর টুর্নামেন্ট কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। গোফিনের প্রথম রাউন্ডের ম্যাচের সময় এক দর্শক তার দিকে চুইংগাম ছুঁড়ে মারে। তারপরই এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
অবশ্য ফ্রেঞ্চ ওপেনের দর্শকদের আচরণ দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে। যে কারণে নারীদের চ্যাম্পিয়ন ইগা সোয়াইটেক দর্শকদের আচরণ নিয়ন্ত্রণের আবেদন জানিয়েছেন। বিশেষ করে পয়েন্টের সময় দর্শকদের চিৎকার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
গ্যালারিতে অ্যালকোহল নিষিদ্ধের ঘোষণা মাউরেসমো বলেন, আমরা টেনিস খেলার একটা অংশ হতে পেরে আনন্দিত। আমরা এখানে দারুণ সব অনুভূতি ও আবেগ প্রকাশ করে চলেছি। কিন্তু কিছু কিছু ঘটনা রয়েছে যাকে নিয়ন্ত্রণ করা দরকার। কিছু কিছু বিষয়কে একটা জায়গাতে আটকে রাখা দরকার। আজকের দিন পর্যন্ত গ্যালারিতে অ্যালকোহলের অনুমোদন ছিল। এখন আর তা থাকছে না।
গ্যালারিতে অ্যালকোহল নিষিদ্ধ হলেও স্টেডিয়ামের আশপাশে উম্মুক্ত থাকছে। এদিকে খেলার সময় অতিরিক্ত চিৎকারে খেলোয়াড়দের মনোসংযোগে যাতে বিঘ্ন না ঘটে সে কারণে অতিরিক্ত নিরাপত্তা রক্ষীও নিয়োগ দেওয়া হচ্ছে। তারা অপরাধীদের শনাক্ত করবে এবং তাদেরকে শান্ত থাকতে বাধ্য করবে।