ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া পানি পানের জন্য ভক্তদের লাইন লেগে গেছে। ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি মনে করে ভক্তরা ওই পানি পান করছেন।
তবে আদতে সেটি এসি থেকে বের হওয়া পানি। আর ভক্তদের এই পানি পানের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
সোমবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মথুরা জেলার বৃন্দাবনের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন।
হিন্দুস্তান টাইমস বলছে, বাঁকে বিহারী মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক ভক্ত দেওয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। অন্যরা আবার ‘পবিত্র এই পানির’ কয়েক ফোঁটা পেতে তাদের হাতের তালুতে ধরে চুষুক দিয়ে খাচ্ছেন আবার কিছুটা নিজের শরীরে মাখাচ্ছেন। তা আসলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি থেকে নির্গত পানি।
উত্তরপ্রদেশের মন্দিরে ধারণ করা ওই ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে ভিডিওটি ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা গেছে— তারা যে পানি পান করছে তা আসলে এসি থেকে বের হওয়া পানি। এই সতর্কতা সত্ত্বেও বেশ কিছু মন্দির-যাত্রীকে ওই পানি পান করতে বা এটি নিজেদের শরীরের ওপরে ছিটিয়ে দিতে দেখা যায়।
অনেকেই এই বিষয়ে ভক্তদের সরল মনা বলে মন্তব্য করেছেন, অন্যরা অন্যরা বৈজ্ঞানিক জ্ঞানবোধের অভাবের জন্য আক্ষেপ করেছেন।
একজন বলেছেন, অন্তত মন্দির ট্রাস্ট সেখানে লোকদের সতর্ক করার জন্য নোটিশ দিতে পারত।
এ বিষয়ে সতর্কতা করেছেন একজন লিভার চিকিৎসক, তিনি তার অনুসারীদের এসি থেকে বের হওয়া পানি পান না করতে আহ্বান জানিয়েছে। কুলিং এবং এয়ার কন্ডিশনার সিস্টেমগুলো ছত্রাকসহ অনেক ধরণের সংক্রমণের প্রজনন ক্ষেত্র, তাদের মধ্যে কিছু আবার সত্যিই জঘন্য।