বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের দীর্ঘদিনের সফল প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) অ্যাপল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস।
অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য টিম কুক আগামী আগস্ট মাস পর্যন্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। এরপর তিনি অ্যাপলের পরিচালনা পর্ষদের ‘এক্সিকিউটিভ চেয়ারম্যান’ হিসেবে নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন।
এক আবেগঘন বিবৃতিতে টিম কুক বলেন, ‘অ্যাপলের মতো একটি অসাধারণ প্রতিষ্ঠানের সিইও হিসেবে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এটি প্রতিষ্ঠানের প্রতি আমার চূড়ান্ত বিদায় নয়, বরং দায়িত্বের একটি রূপান্তর মাত্র।’
২০১১ সালে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পর টিম কুক দায়িত্ব গ্রহণ করেন। তার জাদুকরী নেতৃত্বে অ্যাপল বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন (৪ লক্ষ কোটি) ডলারের বাজারমূল্য স্পর্শ করে। কুকের আমলেই আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং অ্যাপল টিভি প্লাসের মতো সেবাগুলো বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। বর্তমানে অ্যাপলের সার্ভিস বিজনেস এখন আইফোনের পরেই কোম্পানির দ্বিতীয় বৃহত্তম আয়ের উৎস।
টিম কুকের উত্তরসূরি জন টার্নাস ২০০১ সালে অ্যাপলে যোগ দেন। আইপ্যাড ও এয়ারপডসের মতো পণ্যগুলোর উন্নয়নে তার ভূমিকা ছিল অনবদ্য। তবে বিশ্লেষকদের মতে, টার্নাসের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ভার্চুয়াল রিয়ালিটি খাতে অ্যাপলকে শীর্ষ অবস্থানে নিয়ে যাওয়া। বিশেষ করে অ্যাপল ভিশন প্রো-এর বাজার সম্প্রসারণ এবং সিরি (Siri)-র বড় ধরণের আপডেট নিয়ে কাজ করাই হবে তার প্রধান পরীক্ষা।
ফেসবুকের সাবেক কর্মীর বিরুদ্ধে ৩০ হাজার ব্যক্তিগত ছবি চুরির অভিযোগ
দুনিয়া বদলে দেওয়া ৩টি পণ্য, আর ব্যর্থ হয়েছে যেসব