ফের বাড়লো সোনার দাম, ভরি কত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার এক দিনেই তিন দফায় সোনার দাম মোট ১৩ হাজার ৯৩৯ টাকা কমানো হয়েছিল। এর ঠিক পরদিনই আবার বড় অংকের এই মূল্যবৃদ্ধির ঘোষণা এল।

সোনার নতুন দাম একনজরে-

২২ ক্যারেট: ৫,৪২৪ টাকা বাড়িয়ে নতুন দাম ২,৫১,১৮৪ টাকা।

২১ ক্যারেট: ৫,১৯১ টাকা বাড়িয়ে নতুন দাম ২,৩৯,৭৫৪ টাকা।

১৮ ক্যারেট: ৪,৪৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২,০৫,৫২০ টাকা।

সনাতন পদ্ধতি: ৩,৬৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম ১,৬৮,১৯৫ টাকা।

সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে আজ সকাল ১০টা ২৮ মিনিট পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায় বিক্রি হয়েছিল।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

DR/SN
আরও পড়ুন