আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব দোকানপাট, বিপণীবিতান এবং শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) টানা দুদিন ঢাকাসহ সারাদেশে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, নির্বাচন উপলক্ষে সরকার ইতোমধ্যেই ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আগে থেকেই নির্ধারিত সরকারি ছুটি।
এছাড়া শিল্প-কারখানার শ্রমিকদের ভোটের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারিও বিশেষ ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দেশের বাণিজ্যিক কার্যক্রম বড় পরিসরে বন্ধ থাকবে।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: ২ দিন বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
