সিন্ডিকেট নিয়ে ‘সাউন্ডবাইট’ দেব না, কাজ করে দেখাব: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

বাজার সিন্ডিকেট দমনে কোনো প্রকার ফাঁকা বুলি বা ‘সাউন্ডবাইট’ না দিয়ে সরাসরি কাজের মাধ্যমে ফলাফল দেখানোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবনিযুক্ত বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট নিয়ে আমি কেবল মুখেই বড় বড় কথা বা ‘সাউন্ডবাইট’ দেব না, বরং মাঠপর্যায়ে কাজ করে দেখাব। বিনিয়োগের জন্য প্রথম ও প্রধান শর্ত হচ্ছে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, আমরা সে লক্ষ্যেই এগোচ্ছি।’ 

তিনি আরও জানান, দেশের রপ্তানি ঝুড়ি সমৃদ্ধ করতে পণ্যে বৈচিত্র্য আনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়াটি আপাতত কিছুটা বিলম্বিত করতে চাই, যাতে দেশের অর্থনীতি আরও সুসংহত হওয়ার সুযোগ পায়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই সুরে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের প্রত্যাশা বুঝি। মুখে না বলে আমরা কাজের মাধ্যমেই আমাদের সক্ষমতা প্রমাণ করতে চাই।’

এদিকে, সরকার পরিচালনার প্রথম দিন আজ সচিবালয়ে অফিস শুরু করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় তিনি সচিবালয়ে পৌঁছান। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেলে তিনি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠক শেষে বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তাঁর বিশেষ মতবিনিময় সভা করার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকে মূলত পরিচিতি ও নীতিনির্ধারণী বিভিন্ন প্রাথমিক বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। আজ থেকে পূর্ণোদ্যমে নতুন সরকারের দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।

DR
আরও পড়ুন