ঈদে আর্থিক প্রতিষ্ঠানের ছুটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

আপডেট : ১৮ মে ২০২৬, ০৯:৩৭ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ছুটির সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কাজের চাপ সামাল দিতে এর আগের দুই দিন অর্থাৎ ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠানের সব শাখা, উপশাখা ও ব্যবসা কেন্দ্র ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে সাধারণ ছুটি শুরুর আগে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ২৩ ও ২৪ মে পূর্ণ দিবস অফিস খোলা থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এক নির্বাহী আদেশে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট এবং স্বাস্থ্যসেবার মতো জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির দিনগুলোতেও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

FJ
আরও পড়ুন