বিশ্বসেরা ১০০ লিড কারখানার ৫৩টি বাংলাদেশের 

আপডেট : ২১ মে ২০২৬, ০৫:১৫ পিএম

দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে আরও দুটি পরিবেশবান্ধব কারখানা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত পোশাক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৬ তে। এর মধ্যে ১২৩টি প্লাটিনাম এবং ১৪৪টি গোল্ড রেটিং অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বে সর্বোচ্চ স্কোর পাওয়া শীর্ষ ১০০ লিড কারখানার তালিকায় এখন বাংলাদেশের রয়েছে ৫৩টি কারখানা।

সম্প্রতি যুক্ত হওয়া দুটি কারখানাই প্লাটিনাম রেটিং অর্জন করেছে, যা পরিবেশবান্ধব অবকাঠামো, জ্বালানি সাশ্রয়, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন ব্যবস্থার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

নতুন স্বীকৃতি পাওয়া কারখানাগুলোর একটি হলো বিগ বস কর্পোরেশন লিমিটেড। গাজীপুরের অ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত এই কারখানাটি লিড রেটিং সিস্টেমের আওতায় ৯০ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। এই স্কোর অর্জনের মাধ্যমে কারখানাটি জ্বালানি দক্ষতা, পরিবেশবান্ধব স্থাপত্য এবং টেকসই অপারেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সক্ষমতার প্রমাণ দিয়েছে।

অন্যদিকে ইউনিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনিয়ন লেবেল অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড রেটিং সিস্টেমে ৮৫ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালায় অবস্থিত এই কারখানাটি বিদ্যমান স্থাপনায় পরিবেশবান্ধব ব্যবস্থাপনা ও অপারেশনাল দক্ষতার জন্য স্বীকৃতি পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই স্বীকৃতি দেশের পোশাক খাতের টেকসই উন্নয়ন ও সবুজ শিল্পায়নের অগ্রযাত্রাকে আরও জোরদার করেছে। বিশ্বে পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ যে নেতৃত্ব দিচ্ছে, নতুন দুটি প্লাটিনাম কারখানা তারই আরেকটি বড় উদাহরণ।

বিশ্বব্যাপী টেকসই শিল্পায়নে প্রতিযোগিতা বাড়লেও বাংলাদেশ ধারাবাহিকভাবে সবুজ কারখানা নির্মাণে এগিয়ে রয়েছে। ফলে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দেশের পোশাক শিল্পের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

AHA
আরও পড়ুন