২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া সামনে রেখে রোববার (২১ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশেষ আলোচনা সভা ‘সিপিডি বাজেট ডায়ালগ ২০২৬’। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সংলাপ অনুষ্ঠিত হবে।
সিপিডির পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনে দেশের নীতি-নির্ধারক, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকেরা অংশ নেবেন। প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক এবং দেশের অর্থনীতি ও জনজীবনে এর প্রভাব নিয়ে সংলাপে বিস্তারিত আলোচনা করা হবে।
উক্ত বাজেট সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি এবং সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর ডিসটিংগুইশড ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
বাজেটের নানামুখী প্রভাব ও বিশ্লেষণ নিয়ে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
এছাড়া প্যানেল আলোচক হিসেবে আরও বক্তব্য রাখবেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ এ রাজ্জাক।
সিপিডি জানিয়েছে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। আগ্রহী দর্শকেরা সিপিডির অফিশিয়াল ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল এবং লিঙ্কডইন পেইজে যুক্ত হয়ে এই বাজেট সংলাপ সরাসরি উপভোগ করতে পারবেন।
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বৃদ্ধি পেলো ৪১ শতাংশ
জাহাজ লিজ ভাড়া পরিশোধ সহজ করলো বাংলাদেশ ব্যাংক