টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

তবে ছুটির সময়সূচির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে।

রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।

ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজারেও লেনদেন হবে না। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত থাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে পূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

এমইউ
আরও পড়ুন