শাহজালাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ এএম

রাজধানীর গুলশান এলাকা থেকে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতার করেছে পুলিশ। 
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ নম্বর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গুলশান থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালতের পরোয়ানা বহাল ছিল এবং সেই আইনি আদেশের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার একজন বড় বিনিয়োগ গ্রাহক ছিলেন। ২০১৪ সালে ঋণখেলাপির অভিযোগে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন।

বর্তমানে এই গ্রাহকের খেলাপি ঋণের পরিমাণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি ২ লাখ টাকায়। উল্লেখ্য, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেও পরবর্তীতে ঋণখেলাপির দায়ে তাকে পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করা হয়েছিল।

এইচএন
আরও পড়ুন