ট্রাম্পকে মার্কিন জেনারেল

ইরানি সেনাদের হত্যা করা ‘বেশি মজার’ 

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:৩৭ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার এক জেনারেল জানিয়েছেন, ইরানি সেনারা মার্কিন বাহিনীর সমকক্ষ হওয়ার যোগ্য নয়। আটকের চেয়ে তাদের ‘হত্যা করা বেশি মজার’।

শ্রীলঙ্কা উপকূলে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ডেনা’ ডুবিয়ে দেওয়া এবং ক্রু সদস্যদের হত্যা করার ঘটনায় নিজের সেনা কর্মকর্তাদের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সপ্তাহে ভারত থেকে মহড়া শেষে ফেরার পথে মার্কিন সাবমেরিনের হামলায় জাহাজটি ধ্বংস হয়। বৃহস্পতিবার কেনটাকির হেবরন এলাকায় এক নির্বাচনী র‍্যালিতে ট্রাম্প এই ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন।

র‍্যালিতে ট্রাম্প জানান, তিনি তার জেনারেলদের জিজ্ঞেস করেছিলেন কেন ইরানি নৌসেনাদের আটক না করে হত্যা করা হলো।

ট্রাম্পের ভাষায়, ‘আমি বলেছি, কেন আমরা তাদের হত্যা করলাম? কেন তাদের আটক করে আমাদের নৌবাহিনীতে কাজে লাগালাম না?’ জবাবে এক জেনারেল তাকে জানিয়েছেন যে, ইরানি সেনারা মার্কিন বাহিনীর সমকক্ষ হওয়ার যোগ্য নয়।

ট্রাম্প আরও উল্লেখ করেন, একজন জেনারেল তাকে সরাসরি বলেছেন যে আটকের চেয়ে তাদের ‘হত্যা করা বেশি মজার’। কর্মকর্তাদের এমন উত্তরে তিনি কিছুটা হতাশ হয়েছেন বলে র‍্যালিতে জানান। এছাড়া হরমুজ প্রণালীর কাছে গত দুই দিনে ইরানের অন্তত ৫৪টি জাহাজ মার্কিন সেনারা ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

শ্রীলঙ্কা উপকূলে ওই হামলায় ডেনা জাহাজে থাকা বেশ কয়েকজন ইরানি নৌসেনা নিহত হন। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সেনা কর্মকর্তাদের যুদ্ধংদেহী মনোভাব এবং ইরানি জাহাজের ওপর অতর্কিত হামলার বিষয়টি সামনে এসেছে। বর্তমানে এই অঞ্চলের সমুদ্রসীমায় উত্তেজনা বিরাজ করছে।

HN
আরও পড়ুন