ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনসহ বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও যানবাহনে অগ্নিসংযোগ করেছে কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এতে এক ফিলিস্তিনি নাগরিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) রাতে ঈদুল ফিতর উদযাপনের মধ্যেই এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’র তথ্যমতে, জেনিনের দক্ষিণে আল-ফান্দাকুমিয়া গ্রাম এবং সিলাত আদ-দাহর শহরে অতর্কিত হামলা চালায় বসতি স্থাপনকারীরা। আল-ফান্দাকুমিয়ায় তারা বেশ কিছু ঘরবাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং জানালার কাঁচ ভাঙচুর করে। ফিলিস্তিনি বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলে তাদের ওপরও চড়াও হয় হামলাকারীরা। অন্যদিকে, সিলাত আদ-দাহর শহরে এক ফিলিস্তিনিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আল জাজিরা কর্তৃক যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, সিলাত আদ-দাহর এবং আল-ফান্দাকুমিয়ায় দাউদাউ করে বসতিগুলোতে আগুন জ্বলছে।
এই সহিংসতা কেবল জেনিনেই সীমাবদ্ধ থাকেনি। হেব্রনের দক্ষিণে মাসাফের ইয়াত্তা এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতেই এই হামলা চালানো হয় এবং সেখান থেকে তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। এছাড়া নাবলুসের দক্ষিণে কারিয়ুত এবং জালুদ গ্রামেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। জালুদ গ্রামে একটি ফোর-হুইল ড্রাইভ গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইরান-ইসরায়েল যুদ্ধের ডামাডোলের সুযোগে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের এই পরিকল্পিত সহিংসতা ও উচ্ছেদ অভিযান বহুগুণ বেড়ে গেছে। আন্তর্জাতিক মহল এই ঘটনাকে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে দেখছে। সূত্র: আল জাজিরা
তেহরানে ভয়াবহ বিস্ফোরণ, ইসরায়েলি হামলার শঙ্কা
