লেবাননে তীব্র ইসরায়েলি হামলা, এক শহরেই ৩০টির বেশি বিস্ফোরণ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক হামলা আরও তীব্র হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত আল-মানসুরি শহরেই ৩০টির বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি ড্রোন থেকে অত্যন্ত বিস্ফোরক পদার্থভর্তি কনটেইনার ফেলার খবর পাওয়া গেছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আল-মানসুরির কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। শহরটিতে গোলাবর্ষণও চালানো হয়। একটি ড্রোন থেকে বিস্ফোরক পদার্থভর্তি কনটেইনার ফেলার পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকাতেও ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। সীমান্তবর্তী টাইর, নাবাতিয়েহ, বিনত জবেইল ও মারজায়ুন জেলার বিভিন্ন এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। পাশাপাশি কয়েকটি এলাকায় বিস্ফোরণ ও গোলাবর্ষণের ঘটনাও ঘটে।

খিয়াম শহরেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি শহরের ভবনের জানালা ভেঙে যায়। একই এলাকায় একটি ড্রোন বাড়িঘর লক্ষ্য করে বিস্ফোরক পদার্থ ফেলার পর আগুন ধরে যায়।

শনিবারের হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে এনএনএ।

এর আগে শুক্রবারও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা, গোলাবর্ষণ ও বিস্ফোরণ চালানো হয়। এসব হামলায় আবাসিক এলাকা, বাড়িঘর, একটি স্কুল এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লেবাননের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় প্রায় ৪ হাজার ৪০০ মানুষ নিহত এবং ১২ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশে ইসরায়েলি সামরিক উপস্থিতিও অব্যাহত রয়েছে। এসব এলাকার মধ্যে এমন কিছু ভূখণ্ড রয়েছে, যেগুলো ইসরায়েল দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে রেখেছে। পাশাপাশি সাম্প্রতিক যুদ্ধ ও সামরিক অভিযানের সময় নতুন কিছু এলাকাও ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

দক্ষিণ লেবাননে একের পর এক হামলা ও বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে আবাসিক এলাকা ও অবকাঠামোতে হামলার খবর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।

এএম
আরও পড়ুন