দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম

দক্ষিণ কোরিয়ার দেজন শহরে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, গত শুক্রবার বিকালে ‘আনজুন ইন্ডাস্ট্রিয়াল’ নামক ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাঁচ শতাধিক দমকলকর্মী, পুলিশ ও জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেন।

দায়েদক জেলা ফায়ার সার্ভিসের প্রধান ন্যাম দেউক-উ জানান, আগুনের তীব্রতা এবং ভবন ধসে পড়ার আশঙ্কায় শুরুতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার গভীর রাতে সেখানে বিশেষ ‘অগ্নিনির্বাপক রোবট’ মোতায়েন করা হয়। রোবটের সহায়তায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে ১৪টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৯ জনের মৃতদেহ কারখানার তৃতীয় তলার একটি ব্যায়ামাগারে এবং তিনজনকে দ্বিতীয় তলার পানির ট্যাংকের কাছে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানাটি থেকে কয়েকশ কেজি শক্তিশালী রাসায়নিক উদ্ধার করা হয়েছে, যা বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারত। আগুনের হাত থেকে বাঁচতে অনেক শ্রমিক ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শনিবার বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তিনি উদ্ধার অভিযান চলাকালে ভবনটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

বর্তমানে ২৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শরীরে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগুনের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

NB/
আরও পড়ুন