৬০ দিনের মধ্যে শিক্ষাঙ্গনে রাজনীতি বাতিল করবে নেপাল

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম

নেপালের শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে এবং শিক্ষার মানোন্নয়নে এক ঐতিহাসিক ও বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে আগামী ৬০ দিনের মধ্যে সকল স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল-সমর্থিত ছাত্র সংগঠনগুলো বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) নেপাল নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপটি নেপাল সরকারের ঘোষিত ‘১০০ দফা শাসন সংস্কার’ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। নেপাল সরকারের দাবি, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ ও দলাদলির কারণে একাডেমিক পরিবেশ ও শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অচলাবস্থা নিরসন করতেই সরকার ছাত্র রাজনীতি বন্ধের কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত ৬০ দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল প্রকার দলীয় ছাত্রসংগঠনের কাঠামো পুরোপুরি সরিয়ে ফেলা হবে। এর পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে। এই কাউন্সিলের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি ও মতামত তুলে ধরার সুযোগ পাবে, তবে এর সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকবে না।

নেপাল সরকার আশা করছে, এই বৈপ্লবিক সংস্কারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ একাডেমিক পরিবেশ ফিরে আসবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শিক্ষার্থীরা তাদের মেধার সঠিক বিকাশ ঘটাতে পারবে।

NB
আরও পড়ুন