ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশেষায়িত এলিট কমান্ডো বাহিনী। মার্কিন বিমানবাহিনীর এই ‘কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ’ ইউনিটগুলো সামরিক মহলে ‘সুইস আর্মি নাইফ’ নামে পরিচিত।
সাবেক এক মার্কিন প্যারা-রেসকিউ কমান্ডার বিবিসি-র অংশীদার সিবিএস নিউজকে এই বিশেষ উদ্ধার অভিযানের বিস্তারিত জানিয়েছেন।
কমান্ডার জানান, নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে বর্তমানে ‘ব্ল্যাকহক’ হেলিকপ্টার নিয়ে ইরানের সংশ্লিষ্ট এলাকায় চিরুনি অভিযান চালানো হচ্ছে। যদি ভৌগোলিক কারণে বা শত্রুপক্ষের শক্ত অবস্থানের ফলে হেলিকপ্টার সেখানে পৌঁছাতে না পারে, তবে ‘এসি-১৩০’ গানশিপ থেকে ছত্রীসেনা বা প্যারা-রেসকিউ জাম্পাররা প্যারাসুটের মাধ্যমে সরাসরি মাটিতে নামবেন।
মাটিতে নামার পর এই চৌকস বাহিনীর মূল লক্ষ্য থাকে নিখোঁজ পাইলট বা ক্রু-র সাথে যোগাযোগ স্থাপন করা। তারা জরুরি চিকিৎসা সেবা দিতে সক্ষম এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে শত্রুকে প্রতিহত করে কিংবা ফাঁকি দিয়ে নিখোঁজ ব্যক্তিকে একটি নিরাপদ এক্সট্রাকশন পয়েন্টে নিয়ে আসে, যেখান থেকে হেলিকপ্টার তাঁদের তুলে নিতে পারে।
সাবেক এই কমান্ডার এই কাজকে ‘ভয়াবহ ও চরম বিপজ্জনক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘তারা কেবল উদ্ধারকারী নন, তারা একাধারে যোদ্ধা এবং ডাক্তার। বহুমুখী দক্ষতার কারণে তাঁদের বিমানবাহিনীর ‘সুইস আর্মি নাইফ’ বলা হয়।’
উল্লেখ্য, গত শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। বিমানে থাকা দুই ক্রু-র মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে জীবিত উদ্ধারে সময়ের সাথে পাল্লা দিয়ে লড়ছে পেন্টাগনের এই এলিট বাহিনী।
সূএ: বিবিসি
ট্রাম্পের ইরান অভিযান নিয়ে নিজ দলের সংসদের কড়া বার্তা
ইরান যুদ্ধে প্রাণ হারালেন ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫
