যুদ্ধবিরতির মধ্যেও থামছে না  সহিংসতা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান এই দীর্ঘস্থায়ী সংঘাতে নিহতের মোট সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭২ হাজার ২৭৪ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৭ জন নতুন হামলায় নিহত হয়েছেন এবং একজনকে দীর্ঘ সময় পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এই সময়ে আরও অন্তত ২৪ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

সরকারি বার্তা সংস্থা ওয়াফা (Wafa) জানিয়েছে, আন্তর্জাতিক মহলে ‘যুদ্ধবিরতি’র কথা আলোচনা হলেও বাস্তবে সহিংসতা কমেনি। গত ১১ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন। এছাড়া উদ্ধারকারী দলগুলো গত কয়েক দিনে ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন ভবনের নিচ থেকে আরও ৭৬১টি গলিত মরদেহ উদ্ধার করেছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। কারণ এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা দুর্গম রাস্তার পাশে পড়ে রয়েছেন। নিরবচ্ছিন্ন হামলা ও জ্বালানি সংকটের কারণে অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স কর্মীদের পক্ষে সেসব জায়গায় পৌঁছানো বা উদ্ধার কাজ চালানো অসম্ভব হয়ে পড়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই নজিরবিহীন সামরিক অভিযান পুরো গাজা উপত্যকাকে এখন এক বিশাল ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরীতে পরিণত করেছে। সূত্র: আল জাজিরা।

FJ
আরও পড়ুন