মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোকের বদলে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর সংলাপ পাঠ করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
গত বুধবার পেন্টাগনের এক উপাসনা সভায় তিনি এই কাণ্ড ঘটান। মজার বিষয় হলো, তিনি যেটিকে বাইবেলের শ্লোক হিসেবে দাবি করেছেন, সেটি মূলত পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর একটি কাল্পনিক সংলাপ।
প্রার্থনা সভায় হেগসেথ ইরানে আটকে পড়া এক মার্কিন পাইলটকে উদ্ধারের সফল মিশনের কথা বলছিলেন। এসময় তিনি ‘ইজেকিয়েল ২৫:১৭’ (Ezekiel 25:17) শ্লোক হিসেবে একটি উদ্ধৃতি দেন। কিন্তু বাস্তবে সেটি ছিল ১৯৯৪ সালের বিখ্যাত সিনেমা ‘পাল্প ফিকশন’-এর জনপ্রিয় চরিত্র ‘জুলস উইনফিল্ড’-এর সেই বিখ্যাত সংলাপ, যা অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন একজনকে গুলি করে হত্যার ঠিক আগে বলেছিলেন।
হেগসেথ দাবি করেন, তিনি এই প্রার্থনাটি ‘স্যান্ডি-১’ উদ্ধারকারী দলের কাছ থেকে শিখেছেন, যারা একে ‘সিএসএআর ২৫:১৭’ (CSAR 25:17) বলে ডাকে। তিনি উদ্ধৃতি দিয়ে বলেন, 'আমি তোমাদের ওপর প্রচণ্ড প্রতিশোধ এবং প্রচণ্ড ক্রোধ নিয়ে আঘাত করব যারা আমার ভাইকে বন্দি বা ধ্বংস করতে চায়...'। অথচ বাইবেলের কিং জেমস ভার্সনে আসল শ্লোকটি একেবারেই আলাদা এবং অনেক ছোট।
মূলত ‘পাল্প ফিকশন’ সিনেমায় পরিচালক টারান্টিনো এই ভুল উদ্ধৃতিটি ১৯৭৩ সালের একটি জাপানি মার্শাল আর্ট মুভি থেকে নিয়েছিলেন। হেগসেথ কেবল সিনেমার সংলাপই বলেননি, তিনি আসল বাইবেলের ‘আমিই প্রভু’ (I am the Lord) কথাটির বদলে মার্কিন যুদ্ধবিমানের কল সাইন ‘স্যান্ডি-১’ শব্দটিও যোগ করেছেন।
এদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়েন হেগসেথ। তিনি সংবাদমাধ্যমকে বাইবেলের ‘ফরীশি’দের (Pharisees) সাথে তুলনা করেন, যারা যিশু খ্রিস্টের বিরোধিতাকারী এক বিশেষ গোষ্ঠী। তিনি অভিযোগ করেন, ট্রাম্প সরকারের ইরান আক্রমণ নিয়ে গণমাধ্যম কেবল নেতিবাচক খবর ছড়াচ্ছে। তিনি বলেন, 'ফরীশিরা যেমন অলৌকিক ঘটনা দেখেও নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল, আজকের সাংবাদিকেরাও তেমনই।' সূত্র: ভ্যারাইটি
স্বেচ্ছায় রিহ্যাবে গেলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স