ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের দ্বিতীয় দফা বৈঠক বৃহস্পতিবার 

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম

মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের অবসান ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দফায় সরাসরি বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। যুদ্ধের উত্তেজনা কমিয়ে একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজতেই এই কূটনৈতিক তৎপরতা।

সোমবার (২০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম দুই দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিক কোনো বৈঠকে বসছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের ওপরই নির্ভর করছে যুদ্ধবিরতি স্থায়ী রূপ পাবে কি না।

বৈঠকে ইসরায়েলের পক্ষে প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। অন্যদিকে, লেবাননের প্রতিনিধি দলে কারা থাকছেন তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও, গত বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছিল ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনের সেই বৈঠকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর মাইকেল নিধাম এবং জাতিসংঘে মার্কিন দূত মাইক ওয়ালটজ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবারের দ্বিতীয় দফার বৈঠকেও হোয়াইট হাউসের প্রভাবশালী কর্মকর্তারা উপস্থিত থেকে মধ্যস্থতা করবেন।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত