চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন ট্রাম্প

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে কোনো ‘বাজে চুক্তিতে’ সই করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ এপ্রিল) ব্লুমবার্গকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, একটি মানসম্মত সমঝোতায় পৌঁছানোর জন্য তিনি কোনো তাড়াহুড়ো করবেন না। তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে বলেও সরাসরি ইঙ্গিত দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল—নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে যুদ্ধ কি ফের শুরু হবে? জবাবে ট্রাম্প সোজাসুজি বলেন, 'যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা মনে করছি।'

তবে একই সঙ্গে তিনি এটিও পরিষ্কার করেন যে, চাপে পড়ে কোনো দুর্বল চুক্তিতে সই করার পক্ষপাতী তিনি নন। ট্রাম্পের ভাষায়, 'কোনো বাজে চুক্তিতে সই করার জন্য আমি কোনো তাড়াহুড়ো করবো না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলেও আভাস দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটন সময় অনুযায়ী বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। 

ব্লুমবার্গের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।'

উল্লেখ্য, গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে এই যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের অবস্থানে কিছুটা অসংলগ্নতা দেখা গিয়েছিল। এক প্রশ্নের জবাবে তিনি তিনবার তিন ধরণের উত্তর দিলেও, সর্বশেষ সাক্ষাৎকারে তার কঠোর অবস্থানের বিষয়টিই স্পষ্ট হয়ে উঠেছে।

YA
আরও পড়ুন