জ্বালানি সংকট ও বৈশ্বিক মূল্যবৃদ্ধির চাপের মধ্যে নিজেদের ভেতরেই বড় ধরনের সম্পদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে চীন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত পাঁচ বছরে ২২৫টি নতুন তেল ও গ্যাসক্ষেত্র শনাক্ত করা হয়েছে।
প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়, চীন জানিয়েছে, নতুন আবিষ্কারের মধ্যে রয়েছে ১৩টি বড় তেলক্ষেত্র, যেগুলোর মজুত ১০ কোটি টনের বেশি, এবং ২৬টি গ্যাসক্ষেত্র, যেগুলোর সম্ভাব্য মজুত ১০০ বিলিয়ন ঘনমিটারেরও বেশি।
তবে এসব সম্পদের কতটা এখনই উত্তোলনযোগ্য, তা স্পষ্ট করা হয়নি। তবুও দেশটি বলছে, নতুন মজুতের কারণে তাদের প্রাকৃতিক গ্যাস উৎপাদন ধারাবাহিকভাবে বাড়বে এবং বছরে প্রায় ২০০ মিলিয়ন টন তেল উৎপাদন স্থিতিশীল থাকবে।
এই খাতে চীন গত এক দশকে প্রায় ৪৫০ বিলিয়ন ইউয়ান (প্রায় ৬৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে, যার মাধ্যমে তাদের জ্বালানি মজুত প্রায় দ্বিগুণ হয়েছে বলে দাবি করা হচ্ছে।
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে, যেখানে হরমুজ প্রণালি সংকটের কারণে তেল পরিবহন ব্যাহত হচ্ছে এবং বৈশ্বিক বাজারে চাপ বাড়ছে। চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে পরিচিত এবং তাদের তেলের একটি অংশ আসে ইরান থেকে।
এই পরিস্থিতিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন, বাইরের ঝুঁকি মোকাবিলায় জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবং আত্মনির্ভরশীল উন্নয়নকে এগিয়ে নিতে। সূত্র: সিএনএন
লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা