অস্ট্রিয়ায় একটি জনপ্রিয় ব্র্যান্ডের শিশুখাদ্যে ইঁদুরের বিষ মেশানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
গত মাসে নামী ওই ব্র্যান্ডের খাবারে বিষাক্ত উপাদানের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ার পর রোববার (৩ মে) ৩৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বিখ্যাত জৈব শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 'হিপ' (HiPP) গত মাসে অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ার বাজার থেকে তাদের নির্দিষ্ট কিছু পণ্য তুলে নেওয়ার ঘোষণা দেয়।
কর্তৃপক্ষ জানায়, বিক্রয়কেন্দ্রে থাকা জারের খাবারে ইঁদুরের বিষ এবং একটি অনির্দিষ্ট ‘বিষাক্ত সংযোজন’ পাওয়া গেছে। কোম্পানিটি দাবি করে, উৎপাদনের সময় এই বিষ মেশানো হয়নি বরং এটি একটি পরিকল্পিত ‘ক্রিমিনাল অ্যাক্ট’। পরবর্তীতে ব্ল্যাকমেইলাররা কোম্পানিটির কাছ থেকে অর্থ আদায়ের লক্ষ্যে যোগাযোগ করলে বিষয়টি সামনে আসে।
অস্ট্রিয়ার বার্গেনল্যান্ড প্রদেশের পুলিশ মুখপাত্র হেলমুট মারবান জানান, তদন্তের গোপনীয়তা বজায় রাখতে গ্রেফতারকৃত ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এখন প্রকাশ করা হচ্ছে না। তবে গত মাসে বিষাক্ত শিশুখাদ্য শনাক্তের পর কর্তৃপক্ষ জনসাধারণকে এমন পণ্য এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছিল যেগুলোতে সাদা স্টিকারের ওপর লাল বৃত্ত রয়েছে, ঢাকনা ক্ষতিগ্রস্ত বা যেখান থেকে অস্বাভাবিক গন্ধ বের হচ্ছে।
অস্ট্রিয়ান এজেন্সি ফর হেলথ অ্যান্ড ফুড সেফটি জানিয়েছে, ইঁদুরের বিষ শরীরে ভিটামিন-কে এর কার্যকারিতায় বাধা দেয়। শিশুখাদ্য গ্রহণের পর কারো রক্তপাত, চরম দুর্বলতা বা ফ্যাকাশে ভাব দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত বিষক্রিয়ার লক্ষণগুলো খাবার গ্রহণের দুই থেকে পাঁচ দিন পর প্রকাশ পায়। সূত্র: আল-জাজিরা
অর্থনৈতিক সংকটে দিশেহারা ইরান