যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি।
মঙ্গলবার (৫ মে) পেন্টাগনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পিট হেগসেথ বলেন, প্রজেক্ট ফ্রিডম’ নামের এই অভিযান সাময়িক। এর মূল লক্ষ্য হলো ইরানের আগ্রাসন থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া। তাঁর দাবি, ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি জাহাজ সফলভাবে এই প্রণালি অতিক্রম করেছে। এটি প্রমাণ করে যে যাতায়াতের পথ এখন নিরাপদ এবং এই ঘটনায় ইরান ‘লজ্জিত’।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চলা ‘যুদ্ধবিরতি এখনো শেষ হয়ে যায়নি’। তবে তেহরানকে সতর্ক করে তিনি বলেন, ইরানকে অবশ্যই বিচক্ষণ হতে হবে। তাদের কর্মকাণ্ড যেন এমন পর্যায়ে না যায় যা নতুন করে সংঘাত উসকে দিতে পারে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানির শতকরা ২০ ভাগ পরিবাহিত হয়। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার জেরে হরমুজ বন্ধ করে দেয় তেহরান। আটকে পড়া জাহাজগুলোর চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরুর ঘোষণা দেয় ওয়াশিংটন। সূত্র: বিবিসি।