ইরানের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার এই সরাসরি আলোচনা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী বিষয়ে এই দীর্ঘ বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এটি নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কোনো শীর্ষ সরকারি কর্মকর্তার প্রথম সরাসরি সাক্ষাৎ হিসেবে রিপোর্ট করা হচ্ছে।
ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, পেজেশকিয়ান সাম্প্রতিক এক বৈঠকের কথা উল্লেখ করে বলেন, দেশের নেতৃত্ব কাঠামোর মধ্যে ঐক্য, আস্থা এবং সংহতি জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকটি ঠিক কখন অনুষ্ঠিত হয়েছে, তা নির্দিষ্ট করা হয়নি।
মোজতবা খামেনি মার্চ মাসে দায়িত্ব গ্রহণ করেন, এর আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় তার পিতা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর থেকেই মোজতবা খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়, কারণ তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে।
বর্তমানে তার সব সরকারি বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকরা পড়ে শোনান। এই পরিস্থিতিতে শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তার সরাসরি সাক্ষাতের খবরকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, বৈঠকে নতুন সর্বোচ্চ নেতা সরলতা, বিনয়, আন্তরিকতা এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে অংশ নেন, যা পুরো আলোচনা পরিবেশকে খোলামেলা ও আস্থাপূর্ণ করে তোলে।
তিনি আরও মন্তব্য করেন, দেশের সর্বোচ্চ কর্মকর্তার এই ধরনের আচরণ প্রশাসনিক ও শাসন ব্যবস্থার জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে। সূত্র: সিএনএন
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা