ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি অবৈধ সোনার খনিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জন খনি শ্রমিক মাটির নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, পশ্চিম সুমাত্রার সিজুঞ্জুং জেলায় অবস্থিত ওই খনিটিতে গত বৃহস্পতিবার বিকেলে কাজ করছিলেন একদল শ্রমিক। তারা যখন মাটির প্রায় ৩ মিটার গভীরে সোনার আকরিক খুঁজছিলেন, তখনই পাশের একটি বিশাল পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ৯ জন শ্রমিক আটকা পড়েন এবং প্রাণ হারান। তবে ৩ জন শ্রমিক কোনোমতে সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন।
পশ্চিম সুমাত্রা পুলিশের মুখপাত্র সুস্মেলাবতি রোসা জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ ৯ জন শ্রমিকের মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বর্তমানে খনি এলাকাটি পুলিশি কর্ডন দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং এ বিষয়ে একটি প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ার খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলোতে এমন অনুমোদনহীন বা অবৈধ খনি একটি সাধারণ সমস্যা। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক সরঞ্জাম ছাড়াই স্থানীয়রা পরিত্যক্ত বা নতুন খনিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। বিশেষ করে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের প্রবণতা বেড়ে যাওয়ায় দেশটিতে প্রায়শই এমন মারাত্মক প্রাণহানি ঘটে থাকে। সূত্র: সিনহুয়া নিউজ।