ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে পোপ লিও চতুর্দশের অবস্থানের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স (Fars)-এর বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
পোপের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় পেজেশকিয়ান বলেন, মার্কিন হামলার বিরুদ্ধে পোপ একটি নৈতিক, যৌক্তিক এবং ন্যায্য অবস্থান নিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইসরায়েলের সরাসরি সহযোগিতায় সম্পূর্ণ মিথ্যা অজুহাতে এই হামলা চালানো হয়েছে। পোপের পক্ষ থেকেও উল্লেখ করা হয় যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনার মাঝেই এই হামলার ঘটনাটি ঘটেছে।
বার্তায় পেজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যেরও তীব্র সমালোচনা করেন, যেখানে ট্রাম্প ইরানের ঐতিহাসিক সভ্যতা ধ্বংস করে দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের এই বক্তব্যকে বিপজ্জনক এবং লজ্জাজনক আখ্যা দিয়ে তিনি বলেন, এটি পরম ক্ষমতার বিভ্রম এবং অহংকার, গুন্ডামি ও লাগামহীন সহিংসতার বহিঃপ্রকাশ, যা মানুষের বিবেক কখনোই মেনে নিতে পারে না।
ইরানের প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আগ্রাসী নীতি কেবল ইরানের জন্যই হুমকি নয়, বরং এটি আন্তর্জাতিক আইন, মানবিক মূল্যবোধ এবং ঐশ্বরিক ধর্মের শিক্ষার ওপরও বড় আঘাত। এর নেতিবাচক প্রভাব বিশ্ব সম্প্রদায়ের ওপর পড়বে বলেও তিনি হুঁশিয়ারি দেন। সূত্র: দ্য ডন
হরমুজে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে অনড় ইরান