ইউরোভিশনে ইউরোপীয় বয়কটের কড়া সমালোচনা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট : ১৭ মে ২০২৬, ১২:৫৫ পিএম

ভিয়েনায় অনুষ্ঠিত ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এ ইসরায়েলি শিল্পী নোয়াম বেতানের দ্বিতীয় স্থান অর্জন উপলক্ষে অভিনন্দন জানানোর পাশাপাশি স্পেনসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের বয়কটের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিব্রু ও স্প্যানিশ  ভাষায় দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

কাটজ ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, বেতানের এই দ্বিতীয় স্থান অর্জন মূলত স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং তার আন্তর্জাতিক মিত্রদের চালানো "উসকানি ও অপবাদ প্রচারের" বিরুদ্ধে একটি সফল জবাব।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে ইউরোভিশনের অন্যতম প্রধান আর্থিক জোগানদাতা স্পেনসহ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া এবং আইসল্যান্ড এবারের আসরটি সম্পূর্ণ বয়কট করে। এসব দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুষ্ঠানটি সম্প্রচার করতে এবং প্রতিযোগিতায় তাদের নিজস্ব প্রতিযোগী পাঠাতে অস্বীকৃতি জানায়।

লাইভ সেমিফাইনাল এবং ফাইনাল চলাকালীন দর্শকদের তীব্র বিক্ষোভ ও বয়কটের মাঝেই ইসরায়েলি শিল্পী নোয়াম বেতানের ‘মিশেল’ (Michelle) গানটি দ্বিতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বুলগেরিয়া।

সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন