পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে একটি ভ্যান ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উদ্ধারকারী দলের কর্মকর্তারা। তারা জানান, প্রদেশের সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা নামক এলাকার কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে স্থির অবস্থায় দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে সটান ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
উদ্ধার কর্মকর্তাদের দাবি, ভ্যানচালকের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আঘাত করেন।
মোটরওয়ে পুলিশের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন যে, সোয়াত এক্সপ্রেসওয়েতে একটি ভ্যান ও বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ও আহতদের চিকিৎসা এবং আইনি প্রক্রিয়ার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান ওই মুখপাত্র।
পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি করাচি থেকে বুনার যাচ্ছিল। অন্যদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দির-এর উদ্দেশে রওনা হয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানচালকের অসাবধানতাই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ। সূত্র: সামা টিভি
সৌদির সঙ্গে ‘ডিজিটাল করিডর’ চালু করবে পাকিস্তান