ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি নস্যাৎ করতে ইসরায়েলি নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন—এমন খবরের মাঝেই এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।
তিনি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের স্বার্থের চেয়ে আমেরিকার নিজের লাভ-ক্ষতি ও স্বার্থকেই বেশি প্রাধান্য দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে গোল্ডবার্গ লিখেছেন, এর মূল কারণ হলো—ট্রাম্পের কাজে আসতে পারে এমন কোনো সুবিধাই এই মুহূর্তে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের নেই। ইসরায়েল বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে, অথচ গাজায় চালানো গণহত্যার যে চড়া মূল্য, তা তারা এখনো দেওয়া শুরুই করেনি।
আলাদা আরেকটি পোস্টে এই বিশ্লেষক উল্লেখ করেন যে, ইরান ইস্যুতে ইসরায়েল এবং আমেরিকা কখনোই পুরোপুরি একমত বা একই সুতোয় বাঁধা ছিল না।
এ বিষয়ে ওরি গোল্ডবার্গ পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, ট্রাম্পের মূল লক্ষ্য বা ক্ষোভ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে। অন্য দিকে, ইসরায়েল চেয়েছিল ইরানের শাসনব্যবস্থার নামমাত্র পরিবর্তন, তবে তাদের আসল উদ্দেশ্য ছিল সেখানে কেবলই ব্যাপক মৃত্যু আর ধ্বংসযজ্ঞ চালানো। সূত্র: আল জাজিরা
গাজায় চর্মরোগে আক্রান্ত সোয়া লাখের বেশি মানুষ: জাতিসংঘ