২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেছিল চীন: ট্রাম্প

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম

২০২০ সালের মার্কিন নির্বাচন নিয়ে আবারও বিস্ফোরক অভিযোগ তুললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাইমটাইম টেলিভিশন ভাষণে তিনি দাবি করেন, চীন ওই নির্বাচনে হস্তক্ষেপ করেছিল। তবে ডেমোক্র্যাট নেতারা বলছেন, এসব অভিযোগের কোনো প্রমাণ নেই এবং এটি আসন্ন কংগ্রেস নির্বাচনের আগে বিভ্রান্তি তৈরির চেষ্টা।

প্রায় ২৫ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা "ন্যায্য ও বিশ্বাসযোগ্যতার মানদণ্ড থেকে ভয়াবহভাবে পিছিয়ে আছে"। তিনি দাবি করেন, বিদেশি শক্তির হস্তক্ষেপের ঝুঁকি রয়েছে এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জাতীয় গোয়েন্দা দপ্তর, বিচার বিভাগ, এফবিআই ও সিআইএকে তদন্তের নির্দেশ দেন।

তবে ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার ট্রাম্পের অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, গোয়েন্দা সংস্থা, এফবিআই, বিচার বিভাগ, অডিট, পুনর্গণনা এবং আদালত, সব জায়গাতেই এসব অভিযোগ আগেই খারিজ হয়েছে। তার ভাষায়, "চীন, রাশিয়া ও ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তথ্য বিকৃত করা উচিত নয়।"

ট্রাম্পের বক্তব্য তার নিজের প্রশাসনের সময়কার গোয়েন্দা মূল্যায়নের সঙ্গেও সাংঘর্ষিক। সে সময়ের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জন র‌্যাটক্লিফের মূল্যায়নে ২০২০ সালের নির্বাচনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন বলা হয়েছিল। ট্রাম্প অবশ্য গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ পুনরায় তোলেন।

ভাষণে ট্রাম্প আবারও কঠোর ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার লক্ষ্যে সেভ আমেরিকা অ্যাক্ট পাসের আহ্বান জানান। অন্যদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, "২০২০ সালের নির্বাচন চুরি হয়নি। আমরা জিতেছিলাম, তিনি হেরেছিলেন।" তার অভিযোগ, ট্রাম্পের এসব বক্তব্য মূলত আসন্ন কংগ্রেস নির্বাচনের আগে জনমনে বিভ্রান্তি তৈরি এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্দেহ ছড়ানোর কৌশল।

সূত্র: দ্য গার্ডিয়ান

Attr/YA
আরও পড়ুন