চলতি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০০টির বেশি 'শত্রু বিমান' ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৭ আগস্ট) আল জাজিরা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, আইআরজিসির উপপ্রধান মোস্তফা ইজাদি বলেন যে ইরানের সামরিক ও অন্যান্য কৌশলী পদক্ষেপের ফলে শত্রুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, 'ইরানের জনগণের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং সফট ও জ্ঞানভিত্তিক ক্ষেত্রে নেওয়া একক প্রচেষ্টার ফলে ভূপাতিত হওয়া শত্রু বিমানের সংখ্যা ২০০টি পার হয়ে গেছে।'
মূলত সাইবার আক্রমণ, রাডার জ্যামিং ও মনস্তাত্ত্বিক কৌশলের মাধ্যমে এসব বিমান অকার্যকর ও ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই পদক্ষেপের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে গভীর প্রভাব পড়েছে। চলমান এই সংঘাতকে একটি 'সংকর যুদ্ধ' বা হাইব্রিড ওয়ার হিসেবে অভিহিত করে ইজাদি জানান, প্রতিপক্ষ সামরিক অভিযানের পাশাপাশি অভ্যন্তরীণভাবেও ইরানকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
তবে এই যুদ্ধ বা সংঘাতের কারণে ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল কিংবা দেশটি খণ্ডিত হয়ে পড়েছে—এমন ধারণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন মোস্তফা ইজাদি।
তিনি জোর দিয়ে বলেন, 'ইসলামি ইরান খণ্ডিত হওয়া কিংবা এর রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হওয়া তো দূরের কথা, এই পরিস্থিতির মধ্য দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিজের শক্তির জানান দিয়েছে এবং আগের চেয়ে আরো বেশি শক্তিশালী ও সুদৃঢ়ভাবে আত্মপ্রকাশ করেছে।'