ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনার ঘাটতিতে পড়ছে রাশিয়া

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

ইউক্রেন যুদ্ধে নতুন সেনা নিয়োগের চেয়ে অনেক বেশি হারে সেনা হারাচ্ছে রাশিয়া। পশ্চিমা কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, প্রতি মাসে যত নতুন সেনা নিয়োগ করা হচ্ছে, পুতিন বাহিনী তার চেয়েও প্রায় ৬ হাজার বেশি সৈন্য হারাচ্ছে।

রাশিয়া প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার নতুন সেনা নিয়োগ করলেও, গত দুই মাসে এই বিশাল ঘাটতি মেটানো সম্ভব হয়নি। পশ্চিমা এক কর্মকর্তা জানান, নিহত ও আহত সেনার তুলনায় নতুন নিয়োগের এই বড় ব্যবধান এখন প্রতি মাসে অন্তত ৬ হাজার।

গবেষকরা বলছেন, এই ঘাটতি ঢাকতেই সাধারণ নাগরিকদের স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রের মতো বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছেন পুতিন। তারা আরও জানান, ক্ষতি পুষিয়ে নিতে আবার নতুন করে বাধ্যতামূলক সেনা সংগ্রহের ঝুঁকি নেওয়া পুতিনের পক্ষে কঠিন। কারণ ২০২২ সালে এমন উদ্যোগ নেওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছিলেন প্রায় ১০ লাখ তরুণ ও দক্ষ নাগরিক।

এদিকে, যুক্তরাজ্য ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি বাড়িয়ে দূরপাল্লার ক্রুজ মিসাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপে রাশিয়া পাল্টা হামলার হুমকি দিলেও, পশ্চিমা বিশ্লেষকদের মতে, ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু করার কোনো ঝুঁকি নেবেন না পুতিন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ওয়াইএ
আরও পড়ুন