নেপালে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম

নেপালের ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

উদ্ধার পাওয়া ওই বৃদ্ধার নাম গুনা মায়া বোহারা। তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনার মুহূর্তটি স্মরণ করে তার নাতি দীপক বোহারা জানান, উদ্ধারের পর তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন রণক্ষেত্র থেকে জয়ী হয়ে ফিরে আসা এক অদম্য যোদ্ধা।

বৃদ্ধা গুনা মায়া একটি বৃদ্ধাশ্রমে থাকতেন। বন্যার ঢলে ভবনটি ধসে পড়লে তিনি মাটির নিচে আটকে পড়েন। প্রায় চার ঘণ্টার দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযান চালিয়ে তাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা সম্ভব হয়। জানা গেছে, নিজের নানিকে বাঁচাতে নাতি দীপক কাঠমান্ডু থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছিলেন।

এদিকে নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ২ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। চতুর্থ দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান।

গত বুধবার হিমবাহ ধসের পর পাহাড়ি নদীগুলোতে হঠাৎ বিপুল পরিমাণ পানি, কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যা সৃষ্টি করে। এতে বহু গ্রাম, সড়ক, সেতু, বিদ্যুৎকেন্দ্র ও সীমান্ত অবকাঠামো ধ্বংস হয়েছে।

নেপালের বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ড, কাদা ও ধ্বংসস্তূপ এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র: বিবিসি

ওয়াইএ
আরও পড়ুন